
ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা ও দড়িকান্দা গ্রামে ‘গাছ আমাদের বন্ধু, অক্সিজেনের সিন্ধু। গাছের ফল না বিকাবো, পাখির জন্য রেখে খাবো’—এই স্লোগানকে সামনে রেখে ফলদ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃক্ষবন্ধু পরিষদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (২২ আগস্ট) দিনব্যাপী ইউনিয়নের বিভিন্ন স্থানে উন্নতজাতের বিভিন্ন ফলদ গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
কর্মসূচিতে হিমসাগর, গৌড়মতি, বারি-৪, বারোমাসি কাটিমন, নামডকমাই সিমূয়াং, ব্যানানা ম্যাংগু, মল্লিকা আম, দার্জিলিং কমলা, ড্রাগন, উন্নতজাতের জাম, শরবতি কাঠবেল, কাঁঠাল, থাই বারোমাসি কদবেল ও চায়না-৩ সিডলেস লেবুসহ বিভিন্ন জাতের ফলের চারা রোপণ করা হয়।
নয়াকান্দা হামিদ আলী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে হযরত বিনদ শাহ্ (র.), সকল বীর মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট সৈয়দ আলী আহমেদ, দড়িকান্দার মরহুম হাজী মোহাম্মদ বিনদ বেপারী ও নয়াকান্দার মরহুম আমিন আহমেদ চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তির নামে সদকায়ে জারিয়া হিসেবে উন্নতজাতের আমের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে বৃক্ষবন্ধু পরিষদের উদ্যোক্তা মোহাম্মদ আলী, সভাপতি মো. বাবুল মিয়া, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মিল্টন, প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, উপদেষ্টা বেগম বেদৌরা আলী শিমুলসহ সংগঠনের পৃষ্ঠপোষক, কার্যকরী সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে অংশগ্রহণকারীদের জন্য সংগঠনের প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেনের বাড়িতে প্রীতিভোজের আয়োজন করা হয়।
বৃক্ষবন্ধু পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ফলদ বৃক্ষরোপণের মাধ্যমে শুধু মানুষের খাদ্যের চাহিদা পূরণ নয়, পাখিদের খাদ্যের সংস্থান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য।
