
পাবনায় পুলিশি তৎপরতায় একটি দেশীয় তৈরি লোহার রিভলবারসহ মিনহাজুল ইসলাম মিথন (২০) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পাবনা সদর থানা পুলিশ।
আজ ২১ মে ২০২৬ খ্রিষ্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) দিকে যাওয়ার পথে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই রুটে একটি চলমান মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়। কিন্তু আরোহীরা সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের গতিরোধ করে আসামি মিনহাজুল ইসলাম মিথনকে আটক করে। ধৃত আসামির বাড়ি পাবনা জেলার দোগাছি ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামে। সে আলহাজ্ব মোহাম্মদ ইছাহাক আলী ও মোছাঃ জেরিন আক্তার মিনা দম্পতির ছেলে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামির দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে ০১টি দেশীয় তৈরি লোহার রিভলবার উদ্ধার ও জব্দ করা হয়।
জব্দকৃত অস্ত্রটি লোহার তৈরি ০১টি দেশীয় রিভলবার। অস্ত্রটির বাট লালচে মেরুন রঙের প্লাস্টিক দিয়ে আবৃত এবং লোহার সাথে স্ক্রু দ্বারা দুই পাশে আটকানো। এছাড়া রিভলবারের ব্যারেলের অগ্রভাগের এক পাশে ইংরেজিতে খোদাই করা অবস্থায় ‘MADE IN PAKISTAN’ লেখা রয়েছে।
পাবনা জেলা পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ রে জিনুর রহমান এর পরিকল্পনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ শরিফুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন পাবনা সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ তারিকুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
