
রাজধানীর লালমাটিয়া ও মোহাম্মদপুর এলাকায় আজ এক ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণার দৃশ্য চোখে পড়েছে। মাথায় ঐতিহ্যবাহী নকশী কাঁথার বোঝা নিয়ে ঢাকা-১৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সোহেল রানার জন্য দোয়া ও সমর্থন চাচ্ছেন আব্দুল কাদির নামে এক ব্যক্তি। পেশায় নকশী কাঁথা ব্যবসায়ী আব্দুল কাদিরের এই অভিনব প্রচার পদ্ধতি পথচারীদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।
আজ ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার দুপুরে লালমাটিয়া এলাকায় হেঁটে যাওয়ার সময় পথচারীদের হাতে লিফলেট তুলে দিয়ে আব্দুল কাদির বলেন, “ভাই, সোহেল রানার জন্য একটু দোয়া করবেন। তিনি ঢাকা-১৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।” উল্লেখ্য, সোহেল রানা দীর্ঘ দিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার কারণে এলাকায় ‘পথশিশুদের বন্ধু’ হিসেবে অত্যন্ত পরিচিত।
এই প্রচারণা সম্পর্কে জানতে সরাসরি বি. এম. সোহেল রানার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আব্দুল কাদিরের মতো অনেকেই তাকে ভালোবেসে স্বেচ্ছায় এই প্রচার চালাচ্ছেন। তিনি বলেন, “আমি কাউকে টাকা দিয়ে ভাড়া করিনি; বরং মানুষের অকৃত্রিম ভালোবাসাই আমার নির্বাচনী লড়াইয়ের মূল শক্তি।”
নির্বাচনে জয়লাভ করলে নিজের পরিকল্পনা সম্পর্কে বি. এম. সোহেল রানা বলেন, “ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শেরে বাংলা নগর) কেবল একটি ঐতিহাসিক এলাকা নয়, এটি আমাদের পরিচয়। এলাকার একজন স্থায়ী বাসিন্দা ও প্রতিবেশী হিসেবে আমি জানি সামাজিক অপরাধ, তীব্র যানজট এবং নাগরিক সেবার ভোগান্তি আমাদের কতটা কষ্টে রাখে। বিগত ৫৫ বছরে প্রচলিত রাজনৈতিক দলগুলো এসব সমস্যার স্থায়ী সমাধানে ব্যর্থ হয়েছে।”
তিনি আরও জানান, নির্বাচিত হলে তার অগ্রাধিকার থাকবে- শিশুদের সঠিক বিকাশ ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা, মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষা, নাগরিক অধিকার রক্ষা, প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি অপরাধমুক্ত নিরাপদ ঢাকা-১৩ গড়ে তোলা।
পরিবর্তনের অঙ্গীকার করে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, “আমি সোহেল রানা, আপনাদেরই সন্তান। আমাকে সংসদে আপনাদের কণ্ঠস্বর হওয়ার সুযোগ দিলে আমি সবার প্রাপ্য অধিকার, সম্মান ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।”
পথশিশুদের অধিকার আদায়ের লড়াই থেকে সংসদীয় নির্বাচনের ময়দানে নামা এই প্রার্থী এখন সাধারণ মানুষের দোয়া ও সমর্থনের অপেক্ষায় রয়েছেন।
