
হৃদয় হোসেন :
পাবনার আটঘরিয়া উপজেলার গরুলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার (১০ আগস্ট ২০২৫) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বাজারে ভোক্তার স্বার্থ রক্ষায় পরিচালিত অভিযানে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানের মান, স্বাস্থ্যসম্মত পরিবেশ, পণ্যের গুণগতমান ও মেয়াদ যাচাই করা হয়।
অভিযান চলাকালে মামা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিতে উৎপাদন প্রক্রিয়ায় ত্রুটি ও আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই ধারায় মাহিমা আইসক্রিম ফ্যাক্টরির ক্ষেত্রেও উৎপাদন মানদণ্ডে ঘাটতি ও নিয়ম না মানার কারণে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ফলে, গরুলী বাজারের ১টি অভিযানে মোট ২টি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সহায়তা করে পাবনা জেলা আনসার ব্যাটালিয়নের একটি বিশেষ টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, জনস্বাস্থ্য ও ভোক্তার অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
