
সিরাজুল ইসলাম
জেলা প্রতিনিধি
আসন পুনর্বিন্যাসে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) থেকে কেটে নেওয়া তিনটি ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এর সঙ্গে যুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বিজয়নগর উপজেলা সর্বদলীয় আন্দোলন বাস্তবায়ন কমিটি।
রোববার (১০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে কমিটির নেতৃবৃন্দ মৌখিক ও লিখিতভাবে ৩ ইউনিয়ন—বুধন্তী, চান্দুরা ও হরষপুর—একত্রে রেখে বিজয়নগরকে অখণ্ড রাখার যৌক্তিকতা তুলে ধরেন এবং জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০ ইউনিয়ন নানা অবহেলার শিকার। এখন বিজয়নগরকে দ্বিখণ্ডিত করার এই উদ্যোগ এলাকার উন্নয়নকে বাধাগ্রস্ত করবে। তারা জনস্বার্থবিরোধী এ সিদ্ধান্ত বাতিল করে পূর্বের আসন বিন্যাস ফিরিয়ে আনার জোর দাবি জানান।
স্থানীয়দের মতে, উল্লিখিত ইউনিয়নগুলো ভৌগোলিকভাবে উপজেলা সদরের নিকটবর্তী এবং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সর্বদলীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং কয়েক হাজার সাধারণ মানুষ।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন ৩০ আগস্ট ৪০টি আসনের সীমানা পরিবর্তনের খসড়া গেজেট প্রকাশ করে। এতে আপত্তি ও দাবি জানানোর শেষ সময় ছিল ১০ আগস্ট। শুনানি শেষে কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।
