
সিরাজুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আবারও দেশের আলোচনার কেন্দ্রে।
উপজেলার তিনটি ইউনিয়ন কেটে নেওয়ার প্রস্তাবে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। এই ইস্যু ঘিরে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা মোড়ে টানা পাঁচদিন ধরে চলছে অবরোধ।
রাস্তা যেন পরিণত হয়েছে আন্দোলনের মঞ্চে। পাথর, বাঁশ, টায়ার দিয়ে ব্যারিকেড গড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। গাড়ি থেমে আছে, কিন্তু স্লোগান থামছে না—
“ইউনিয়ন ভাগ হবে না, বিজয়নগর ভাঙতে দেব না!”
ট্রাকচালক হালিম বলেন,
“ভাই, তেলের দাম বাড়ে, গাড়ি চলে না, এখন আবার রাস্তা বন্ধ। আমরা যাবো কোথায়?”
অবরোধ স্থলে একপাশে দাঁড়িয়ে আছে পুলিশ, অন্যপাশে স্থানীয় নেতারা স্পষ্ট ঘোষণা দিচ্ছেন—
“প্রশাসন সুনির্দিষ্ট সিদ্ধান্ত না দিলে আন্দোলন আরও জোরদার হবে।”
গরমে রাস্তায় দাঁড়ানো মানুষের চোখে ক্ষোভ, মনে জন্মভূমির প্রতি ভালোবাসা। এই আন্দোলন এখন কেবল ইউনিয়ন রক্ষার জন্য নয়, হয়ে উঠেছে অস্তিত্ব রক্ষার লড়াই।
বিজয়নগরের মানুষ জানিয়ে দিয়েছেন—
“জমি গেলে যাবে, কিন্তু ইজ্জত গেলে সব শেষ।”
ঢাকা-সিলেট হাইওয়ে এখনও কাঁপছে জনতার হুঙ্কারে।
পরবর্তী ধাপ কী? আন্দোলন কি আরও তীব্র হবে—সেটিই এখন সবার প্রশ্ন।
