
শাহীন খান – সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের কানগাতী গ্রামে অনুষ্ঠিত হলো আব্দুল্লাহ আল মাহমুদ ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর উদ্বোধনী খেলা। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টায় আশ্রয়ন প্রকল্পের মাঠে শুরু হয় এই খেলা। জাতীয় পতাকা এবং ক্রীড়া পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন উড়িয়ে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
টুর্নামেন্টে চারটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে উপস্থিত থেকে সাবেক ছাত্রনেতা ও বাগবাটী ইউনিয়ন যুবদলের কার্যনির্বাহী সদস্য জননেতা কামরুল হাসান দলের নেতাকর্মীদের হাতে গেঞ্জি বিতরণ করেন।
গেঞ্জি বিতরণের পরে কামরুল হাসান তরুণ ও যুবসমাজকে মাদক ছেড়ে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। তিনি বলেন,
“নতুন প্রজন্মকে শুধুমাত্র পড়াশোনায় নয়, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে আমাদের সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত করতে হবে। খেলাধুলাই শরীর ও মনোবলের উন্নয়নের সবচেয়ে ভালো মাধ্যম। খেলাধুলা শুধুমাত্র বিনোদন নয়, এটি তরুণ সমাজকে শৃঙ্খলা, অধ্যবসায় ও সুস্থতায় উদ্বুদ্ধ করে। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।”
ফুটবল টুর্নামেন্টটির অন্যতম আয়োজক হিসেবে সার্বিক সহযোগিতা ও পরিচালনা করছেন মোঃ গোলাম রসুল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ইউনিয়ন সাধারণ সম্পাদক বাচ্চু, নুরুল ইসলামসহ আরও অনেকে।
