
পাবনা প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)-তে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের পাবিপ্রবি শাখার ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রক্ষ জানান, গত ২৬ জুলাই অনুষ্ঠিত ৭৩তম রিজেন্ট বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ৬ জনকে আজীবনের জন্য বহিষ্কার, ৪ জনকে তিন বছরের জন্য বহিষ্কার, ৭ জনকে তিন বছরের জন্য স্থগিত এবং ১১ জনের শিক্ষাগত সনদ আজীবনের জন্য বাতিল করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পাবিপ্রবিতে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। তবুও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নিয়মবহির্ভূতভাবে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করায় কঠোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শাস্তিপ্রাপ্তদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও রয়েছেন। কর্তৃপক্ষের মতে, শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
