
পাবনা প্রতিনিধি:
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার নাগ ডেমরা ইউনিয়নের ভিটাপাড়া গ্রামে টানা বৃষ্টির কারণে চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি নিষ্কাশনের কোনও কার্যকর ব্যবস্থা না থাকায় পুরো গ্রাম জুড়ে জমেছে হাঁটু পরিমাণ পানি, এতে করে মারাত্মক দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
গ্রামের প্রায় দুই হাজার মানুষের চলাচলের একমাত্র কাঁচা রাস্তাটি এখন বৃষ্টির পানিতে ডুবে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। খানাখন্দ আর কাদাপানিতে একাকার হয়ে গেছে রাস্তার চেহারা।
সরেজমিনে দেখা যায়, টানা কয়েক দিনের বৃষ্টির ফলে রাস্তায় হাঁটুপানি জমে আছে। এই পানির মধ্য দিয়েই প্রতিদিন জীবন-ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। বিশেষ করে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা এবং কর্মজীবী মানুষজন চরম সমস্যার মুখে পড়েছেন।
গ্রামবাসী মিন্টু বলেন, “পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না। ভ্যানচালকদের আয় বন্ধ হয়ে গেছে। জরুরি ভিত্তিতে ড্রেনেজ ব্যবস্থা না করা হলে দুর্ভোগ আরও বাড়বে।”
৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুর রহমান বলেন, “এটা নতুন কিছু না, দীর্ঘদিন ধরেই এলাকাবাসী এমন পরিস্থিতির মধ্যেই বসবাস করছে। প্রতি বছরই বৃষ্টির সময় একই সমস্যা দেখা দেয়। মশাবাহিত রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকিও বেড়েছে।”
স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিম হোসেন জানান, জলাবদ্ধতার কারণে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে। তিনি বলেন, “অবিলম্বে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে যাবে।”
এলাকাবাসীর দাবি, দ্রুত একটি টেকসই ড্রেনেজ সিস্টেম গড়ে তুলে এই দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানো হোক।
