
ডেক্স রিপোর্ট
রিখটার স্কেলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়া। ভয়াবহ এই কম্পনের পরপরই বিশ্বের অন্তত ১৪টি দেশ ও অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া সংস্থা ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (NOAA) জানিয়েছে, বিশেষ করে ওশেনিয়া অঞ্চলের তিন দেশ—পাপুয়া নিউ গিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং ভানুয়াতু—বিপদের মুখে রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এই তিনটি দেশে অবস্থানরত নাগরিকদের সাবধান থাকতে বলা হয়েছে। পাপুয়া নিউ গিনিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় অঞ্চলে বসবাসকারীদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে চলে যেতে বলা হয়েছে, বিশেষ করে যদি তারা শক্তিশালী ও দীর্ঘস্থায়ী কম্পন বা অস্বাভাবিক সাগরের আচরণ অনুভব করেন।
দূতাবাসের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, “পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত উপকূল, সৈকত বা নদীতীরবর্তী এলাকা এড়িয়ে চলুন। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ এবং গুরুত্বপূর্ণ নথিপত্র প্রস্তুত রাখুন।”
বিশ্বের অন্যান্য যেসব অঞ্চলেও সুনামি সতর্কতা জারি হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে:
রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, চীন, হাওয়াই, গুয়াম, ক্যালিফোর্নিয়া, আলাস্কা, ওরেগন, ওয়াশিংটন, ব্রিটিশ কলাম্বিয়া, মেক্সিকো, পেরু, ইকুয়েডর ও নিউজিল্যান্ড।
বিশেষজ্ঞরা বলছেন, এমন মাত্রার ভূমিকম্প সাধারণত গভীর সাগরে প্রবল ঢেউয়ের সৃষ্টি করতে পারে, যা উপকূলীয় জনপদগুলোর জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। তাই সময় থাকতেই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।
