
ঢাকা: মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও বৈপ্লবিক অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আদাবর থানার ৩০ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বিশ্বাস। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যমে পাঠানো এক বিশেষ বাণীতে তিনি এই সংহতি প্রকাশ করেন।
বাণীতে শহীদুল ইসলাম বিশ্বাস ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের সেই রক্তঝরা আত্মত্যাগের কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “পহেলা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। ৮ ঘণ্টা শ্রমের দাবিতে সেদিন শ্রমিকরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বিশ্বজুড়ে শ্রমিকের মর্যাদা ও ন্যায্য অধিকারের পথ প্রশস্ত করেছিলেন।”
শ্রমিকের ঘাম শুকানোর আগেই ন্যায্য পারিশ্রমিক পরিশোধ করাকে নৈতিক দায়িত্ব উল্লেখ করে এই জননেতা বলেন, “আমাদের মনে রাখতে হবে, শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকলেই দেশের অর্থনীতি মজবুত হবে। তাই কেবল পারিশ্রমিক নয়, কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও যথাযথ সম্মান নিশ্চিত করাও অপরিহার্য।”
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এই বিএনপি নেতা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, মে দিবসের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়তে তারা রাজপথে অবিচল রয়েছেন। তিনি ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে সবসময় মেহনতি মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
পরিশেষে, দেশের শিল্প ও উৎপাদন খাতের টেকসই উন্নয়নের স্বার্থে শ্রমিক ও মালিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও ভ্রাতৃত্বমূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান শহীদুল ইসলাম বিশ্বাস। একইসঙ্গে তিনি দেশ-বিদেশের সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
