
অদ্য ৩০ এপ্রিল ২০২৬ খ্রি., রোজ বৃহস্পতিবার পাবনা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে সদর উপজেলার মেরিল বাইপাস মোড় এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রম করে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে ৫টি যানবাহনের ড্রাইভার/সুপারভাইজারের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৮টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হিমেল মিয়া। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুল মমিন।
এসময় পাবনা জেলা পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্ট পরিচালনা ও আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
