
মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদী-জলাশয়ে অবৈধ জাল ব্যবহার বন্ধে পাবনার হাজিরহাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
অভিযানে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৮২টি অবৈধ চায়না দুয়ারি এবং ৩০৮টি কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় অবৈধ জাল ব্যবহারের দায়ে ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস. এম. ফুয়াদ। এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল হালিম।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চায়না দুয়ারি ও কারেন্ট জালের ব্যবহার জলজ পরিবেশ ও মৎস্যসম্পদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
