
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে মুক্তি জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফটো সাংবাদিক এইচ এম আমজাদ হোসেন মোল্লার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় আমজাদ মোল্লা সর্বপ্রথম সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, এই পর্যায়ে পৌঁছাতে যাঁদের অবদান রয়েছে, তাঁদের প্রতি তিনি চিরকৃতজ্ঞ। বিশেষভাবে তিনি জাতীয় দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মাদ বেলাল হোসাইন ভূঁইয়া, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটৈর প্রধান (সভাপতি) ও সাধারণ সম্পাদক,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় সাংবাদিক সংস্থা, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ রিপোর্টার্স ইউনিটসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া তিনি তাঁর সমর্থক ও প্রস্তাবকারীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দেশবাসীর উদ্দেশে আমজাদ মোল্লা বলেন, “আমি যেন সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারি, মানুষের দুঃখ-সুখে পাশে থাকতে পারি—এ জন্য সবার দোয়া চাই। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থেকে সত্যের পক্ষে কাজ করে যেতে চাই।”
নির্বাচনী অঙ্গীকার হিসেবে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকায় শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন, খেলাধুলা ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে কাজ করবেন। ইনশাআল্লাহ, সত্য ও ন্যায়ের পথে থেকেই জনগণের সেবা করে যাবেন।
