
মোঃ সোহেল রানা . রাজশাহী
রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে নিজ বাসা থেকে তাদের মরদেহ পাওয়া যায়।
নিহতরা হলেন— মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) এবং দেড় বছর বয়সী মেয়ে মিথিলা।
পুলিশ জানায়, মিনারুল ও ছেলে মাহিম এক ঘরে ছিলেন, আর অন্য ঘরে ঘুমাচ্ছিলেন মনিরা ও ছোট মেয়ে মিথিলা। সকালে প্রতিবেশীরা ঘরে ঢুকে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ এসে দেখতে পায়, মিনারুল ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছেন, ছেলে বিছানায় নিথর, আরেক ঘরে স্ত্রী ও কন্যার মরদেহ শোয়ানো রয়েছে।
প্রাথমিক ধারণা অনুযায়ী, মিনারুল প্রথমে স্ত্রীকে ওড়না দিয়ে, মেয়েকে গামছা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর ছেলেকেও একইভাবে হত্যা করে নিজে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। তাতে লেখা ছিল—
“আমি নিজ হাতে সবাইকে মারলাম। আমি মরে গেলে আমার ছেলে-মেয়ে কার আশায় বাঁচবে? কষ্ট ও দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা ঋণের বোঝা ও খাওয়ার অভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো মনে করেছি। আর কারো কাছে কিছু চাইতে হবে না, আমার জন্য কেউ ছোট হবে না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।”
স্থানীয়দের মতে, মিনারুল একসময় জুয়া ও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন এবং প্রচুর ঋণে ডুবে যান। সম্প্রতি বাবার জমি বিক্রি করে কিছু ঋণ শোধ করলেও আর্থিক সংকট কাটেনি।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, মিনারুল স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
