
সংবাদ প্রতিবেদন
খুনি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রতিবাদে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে নিন্দা ও প্রতিবাদপত্র পাঠানোর ঘোষণা দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। আগামীকাল বুধবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে এই প্রতিবাদপত্র দেওয়া হবে।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান জানান, ৬ আগস্ট খুনি শেখ হাসিনাকে ফেরতের দাবিতে এবং ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে তারা ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিল। কিন্তু গুলশান-বাড্ডা লিংক রোডে পুলিশের বাধার মুখে তাৎক্ষণিক পথসভা করে কর্মসূচি স্থগিত করা হয়। তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রশাসনকে সম্মান জানিয়ে আমরা সেদিন দূতাবাসে যাইনি। তবে নরেন্দ্র মোদীকে মনে রাখতে হবে, ভারত আমাদের প্রতিবেশী, প্রভু নয়। খুনি হাসিনা ও তার দোসরদের আশ্রয় দেওয়ার অধিকার ভারতের নেই।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনকে ঘৃণা করে। আমরা আওয়ামী ষড়যন্ত্রকারী এবং গণহত্যাকারীদের সঙ্গে ভারতীয় সরকারের সহযোগিতার তীব্র প্রতিবাদ জানাই।”
প্রতিবাদপত্র দেওয়ার জন্য জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে যাবে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার এবং যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু।
