
ডেক্স নিউজ
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান জানান, হত্যাকাণ্ডে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে ঘটনাস্থলের সিসি ক্যামেরা ফুটেজে যাদের দেখা গেছে, তারা আটক ব্যক্তিদের মধ্যে নেই। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার রবিউল হাসান বলেন, সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে শুক্রবার নিহতের ভাই মো. সেলিম বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাতে বাসন থানাধীন ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরপরই সিসি ক্যামেরার একটি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ হত্যাকাণ্ডে স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে ।
নিহত আসাদুজ্জামান তুহিন (৩২) ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। সাংবাদিকতার পাশাপাশি তিনি একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ওষুধ সরবরাহের কাজ করতেন।
