
সিরাজুল ইসলামব্রা -হ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে শিক্ষার্থীরা নিচে নামতে গিয়ে হুড়োহুড়ির সময় অন্তত ২৫ জন আহত হয়। তাদের মধ্যে নবম শ্রেণির ছাত্র রোহানের অবস্থা আশঙ্কাজনক, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞানাগারে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় বিজ্ঞান মেলা উপলক্ষে কয়েকজন শিক্ষার্থী গবেষণায় ব্যস্ত ছিলেন। হঠাৎ মাল্টিপ্লাগ থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখা দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আগুনের সূত্রপাত হলে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হুলস্থুল শুরু হয়। প্রাণ বাঁচাতে অনেকে দ্রুত নিচে নামার চেষ্টা করেন। এতে পায়ে-পায়ে ধাক্কা লেগে আহত হন অন্তত ২০-২৫ জন।
আহতদের মধ্যে ৬ শিক্ষার্থীর নাম জানা গেছে:
রোহান (১৫)
সাকেরা আক্তার (১৩)
ফারিয়া সুলতানা (১৫)
কানজিরা আক্তার (১৪)
নূহা ইসরাত (১৪)
ফামিয়া আক্তার (১৪)
তাদের মধ্যে ৭ জন এখনও জেলা সদর হাসপাতালে ভর্তি, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাহিদুল ইসলাম জানান, “গবেষণার সময় মাল্টিপ্লাগে আগুনের স্ফুলিঙ্গ দেখা দেয়, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। মূল সমস্যা ছিল আতঙ্কে শিক্ষার্থীদের দৌড়াদৌড়ি।”
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ডালী বলেন, “এখন পর্যন্ত ২০-২২ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। একজনের অবস্থা গুরুতর। তবে কেউ দগ্ধ হয়নি।”
ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক মো. দিদারুল আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম দ্রুত হাসপাতালে যান।
জেলা প্রশাসক জানান, “ঘটনার পেছনে কোনো অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে।”
