
পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ মহোদয়ের দিকনির্দেশনায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জেলা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে যৌথ বাহিনীর রোড পেট্রোলিং ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) থেকে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন কৌশলগত স্থানে পরিচালিত এই অভিযানের মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং অপরাধ দমন কার্যক্রম আরও শক্তিশালী করা হচ্ছে। এ সময় বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল যানবাহন চালক ও সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে—যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট পরিধান করতে হবে। সবার সম্মিলিত সহযোগিতায় একটি নিরাপদ ও সুশৃঙ্খল পাবনা গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনী বদ্ধপরিকর বলে জানানো হয়।
