
ঈশ্বরদীর লক্ষ্ণীকুন্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা হত্যাকাণ্ডের মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা ১২ টায় পাবনা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান ও ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণব।
পুলিশ জানায়, পারিবারিক কলহ ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১৭ ডিসেম্বর সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে ঈশ্বরদী থানাধীন লক্ষ্ণীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে আপন চাচাতো ভাইয়ের গুলিতে নিহত হন বিরু মোল্লা। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই মো. জহুরুল মোল্লাকে প্রধান আসামি করে ঈশ্বরদী থানায় হত্যা মামলা (মামলা নং–২৫, তারিখ ১৮/১২/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করা হয়।
পুলিশ ও র্যাব-১২ (সিপিসি-২), পাবনার যৌথ অভিযানে ২২ ডিসেম্বর সিরাজগঞ্জের সলঙ্গা থানার রঘুনাথপুর এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. জহুরুল মোল্লা (৫২) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার দেখানো মতে একই দিন রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদী থানাধীন লক্ষ্ণীকুন্ডা ইউনিয়নের সাহাপাড়া মৌজায় অবস্থিত তার নিজস্ব ইটভাটার পাশের একটি অস্থায়ী টয়লেটের পেছন থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—
একটি সচল ওয়ান শুটারগান
একটি বিদেশি রিভলবার (ব্যারেলে ‘Made in Pakistan’ লেখা)
২৬ রাউন্ড রিভলবারের তাজা গুলি
৫টি শর্টগানের তাজা গুলি (FIOCCHI 12 ITALY)
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
