
৯ ঘণ্টা পেরোলেও রাজশাহীর তানোরে নলকূপের প্রায় ৫০ ফুট গভীরে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করা যায়নি। তবে শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বুধবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা বাজে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করার সময় তার উপর মাটি পড়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে ক্যামেরা দিয়েও শিশুটিকে দেখা যায়নি। এখন অবধি ২৫ ফুট গভীর পর্যন্ত মাটি কাটা হয়েছে।
এর আগে, আজ দুপুর ১টার দিকে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় সাজিদ। এরপর থেকে সেখানেই আটকে আছে শিশুটি। খবর পেয়ে দুপুর পৌনে ২টা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস তখন জানায়, ভেকু মেশিন না পৌঁছানো পর্যন্ত উদ্ধার অভিযান পুরোপুরি চালানো সম্ভব না। আপাতত কূপের ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টা করা হচ্ছে।
