
পাবনা শহরের দিলালপুর এলাকার বেলতলা সড়কে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মানুষের মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ বিষয়। চিকিৎসা সেবার মানোন্নয়ন নিশ্চিত করতে পারলেই সমাজের নানা সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। পাবনাতেই উন্নত চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ তৈরি হওয়া নিঃসন্দেহে একটি বড় সুখবর। এতে অসুস্থ মানুষদের ভোগান্তি কমবে এবং তারা নিজ এলাকাতেই প্রয়োজনীয় সেবা নিতে পারবেন।
তিনি আরও বলেন, মানুষের সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে আত্মিক প্রশান্তির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালন করা সম্ভব। মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকলেরই কর্তব্য।
দিলালপুরের বাসিন্দা ও কিডনি ফাউন্ডেশনের সদস্য নূরজাহান বেগমের দানকৃত জমিতে এই হাসপাতাল প্রতিষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।
অনুষ্ঠানে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদের সভাপতিত্বে এবং অ্যাজমা বিশেষজ্ঞ ডা. মোকলেছুর রহমান মুকুলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস, হৃদরোগ কনসালটেন্ট ডা. শাহরিয়ার কবির, কিডনি ফাউন্ডেশন ব্যবস্থাপনা পরিচালক টিনি ফেরদৌস রশিদ, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পাবনার ট্রেজারার অধ্যাপক ডা. এইচ এম রওশন, জমিদাতা নূরজাহান বেগম এবং স্কয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা। শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা পৌরসভার সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম লালু।
বক্তারা বলেন, বর্তমান সময়ে কিডনি রোগের চিকিৎসা বিশ্বের অন্যতম ব্যয়বহুল চিকিৎসা সেবার মধ্যে পড়ে। কিডনি ফাউন্ডেশন স্বল্প ব্যয়ে মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করে মানুষের বেঁচে থাকার আশা জাগিয়ে তুলেছে। পাবনায় এই হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে শুধু জেলার মানুষ নয়, আশপাশের এলাকার রোগীরাও উপকৃত হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
