
বুধবার (৩ ডিসেম্বর) দিনগত রাতে পাবনার চাটমোহর থানার পুলিশ গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে আটক করে। মানিক চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে।
জানা গেছে, ২০১৪ সালে মানিক মন্ডল নিজ এলাকার এক নারীকে ধর্ষণ করে এলাকা থেকে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ধর্ষিতা ওই নারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। এরপর পাবনার আদালতের বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী শেষে মানিক মন্ডলকে যাবজ্জীবন সাজা দেন। এদিকে দীর্ঘদিন ধরে মানিক মন্ডল ছিল ধরাছোঁয়ার বাইরে। গাজীপুরের জয়দেবপুর এলাকায় পরিচয় গোপন করে স্থানীয় একটি গার্মেন্টস এ চাকরি করতেন তিনি। তবে দীর্ঘ ১১ বছর পর গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মানিক মন্ডলকে বুধবার (৩ ডিসেম্বর) রাতে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি মনজুরুল আলম যুগান্তরকে জানান, ঘটনার পর থেকে মানিক মন্ডল এলাকা ছেড়ে চলে
যায়। দীর্ঘদিন সে পরিচয় গোপন করে পালিয়ে ছিল। অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
