
আজ ০২ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পাবনা শহরস্থ মানহীন দুই বেসরকারি ক্লিনিকে জেলা এনএসআইয়ের সরবরাহকৃত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রনয় কুমার বীর এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জাহিদ কামাল।
অভিযানে দুটি ক্লিনিকের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া যায়।
উভয় প্রতিষ্ঠানে কোনো রেজিস্টার্ড চিকিৎসক বা নার্স নেই, দালালের মাধ্যমে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে এনে অনকল ডাক্তার দিয়ে অপারেশন করানোর তথ্য মিলেছে। অপারেশনের পর যথাযথ ফলোআপও থাকে না। এমনকি রোগীর ছাড়পত্র ও প্রেসক্রিপশন লেখার কাজ করতেন প্রতিষ্ঠানের মালিক নিজেই।
এছাড়া কয়েক বছর ধরে এই ক্লিনিকগুলোর লাইসেন্স নবায়ন হয়নি।
সরাসরি পরিদর্শনে ওটি রুম অস্বাস্থ্যকর পাওয়া যায় এবং একই ফ্রিজে রক্ত (Blood) এর সাথে আলু, পটল, দুধসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংরক্ষণ করার মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে।
জরিমানার পরিমাণ
ক) গ্লোরিয়াস হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার — ২০,০০০ টাকা
খ) নিউ হেলথকেয়ার ক্লিনিক — ৩০,০০০ টাকা
ভ্রাম্যমাণ আদালত ভবিষ্যতে জনস্বার্থে এসব মানহীন ক্লিনিকের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করে।
