
পাবনা সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া এলাকায় স্থানীয় জালসার কমিটির কিছু সদস্যদের ছত্রছায়ায় বেপরোয়া জুয়ার আসর জমে উঠেছে—এমন অভিযোগে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, কমিটির কিছু প্রভাবশালী সদস্যকে ‘ম্যানেজ’ করেই গভীর রাত পর্যন্ত চলে এই অবৈধ জুয়ার মহোৎসব।
এলাকাবাসীর দাবি, জুয়ার এই আসরকে কেন্দ্র করে সম্প্রতি বেড়েছে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ। পারিবারিক অশান্তি বাড়ছে, কিশোর-যুবকদের মধ্যে তৈরি হচ্ছে বিপথগামিতার আশঙ্কা। অবৈধ অর্থের প্রবাহে বাড়ছে অনৈতিক কর্মকাণ্ড, যা পুরো এলাকার শান্ত পরিবেশ নষ্ট করে দিচ্ছে।
রহস্যজনক কারণে এই জুয়ার আসর বন্ধ না হওয়ায় আরও উদ্বেগ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। তারা বলছেন—কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী, যাতে এলাকায় ফিরে আসে স্বাভাবিক পরিবেশ ও জননিরাপত্তা।
