ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী ও প্রীতি নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) রাতে মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ডের লালমাটিয়ার একটি কমিউনিটি সেন্টারে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক, আগামী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ৩২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী এবং 'আমরা জুলাই যোদ্ধা'র ঢাকা উত্তর কমিটির প্রধান সমন্বয়কারী মোঃ জাহিদ হোসেন মোড়লের সার্বিক উদ্যোগে এই মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সাথে, মহান আল্লাহর দরবারে বিএনপির বর্তমান চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুক্কর মাহমুদ (শুক্কুর কোম্পানি)। অনুষ্ঠানে আমন্ত্রিত নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের চলমান গতিশীলতা এবং আগামী দিনের সাংগঠনিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পারস্পরিক মেলবন্ধন বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হোসেন মোড়লের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে এক মিলনমেলায় পরিণত হয়। এ সময় অংশগ্রহণকারীরা পারস্পরিক ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দলীয় ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
রাজনৈতিক আলোচনা ও শুভেচ্ছা বিনিময় শেষে এক প্রীতি নৈশভোজের আয়োজন করা হয়। মোহাম্মদপুর থানা বিএনপি ও ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা এই নৈশভোজে অংশ নেন। ঈদের আনন্দ ও সৌহার্দ্যের আবহে পুরো অনুষ্ঠান জুড়ে এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।