আজ ২৯ এপ্রিল ২০২৬, বুধবার আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসন, পাবনা ও পরিবেশ অধিদপ্তর, পাবনা-এর যৌথ উদ্যোগে সদর উপজেলার গাছপাড়া বাইপাস মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে যানবাহনে অনুমোদিত শব্দমাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ৫টি যানবাহনের চালক ও সুপারভাইজারের বিরুদ্ধে ৫টি মামলা দায়ের করা হয়। এসময় মোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পাশাপাশি অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ৮টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফরহাদ সোবাহানী। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুল মমিন।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইউসুফ আলী। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষায় পাবনা জেলা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।