ঢাকা: মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি এবং ডিএনসিসি ২৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রার্থী (বিএনপি মনোনীত) লিটন মাহমুদ বাবু। মঙ্গলবার (২৯ এপ্রিল) সংবাদমাধ্যমে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।
বার্তায় লিটন মাহমুদ বাবু ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের সেই রক্তঝরা দিনটিকে স্মরণ করে বলেন, "১ মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই-সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। সেদিন শ্রমিকরা তাদের ন্যায্য দাবি ও ৮ ঘণ্টা শ্রম সময়ের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের সেই মহান আত্মত্যাগের মাধ্যমেই আজ বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার স্বীকৃত হয়েছে।" তিনি মে দিবসের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
মেহনতি মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে এই নেতা বলেন, "আমি সবসময় শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে তাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।" তিনি শ্রমিকের ঘাম শুকানোর আগেই ন্যায্য পারিশ্রমিক ও কর্মক্ষেত্রে যথাযথ সম্মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। লিটন মাহমুদ বাবু মনে করেন, শ্রমিকের অধিকার রক্ষা করা গেলেই দেশের অর্থনীতি ও জাতি সমৃদ্ধ হবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে লিটন মাহমুদ বাবু ২৯নং ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন। তিনি বলেন, মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। যেখানে প্রতিটি মানুষ তার শ্রমের সঠিক মর্যাদা পাবে।
বক্তব্যের পরিশেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, শ্রমিক-মালিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে দেশের শিল্প ও উৎপাদন খাত আরও সামনের দিকে এগিয়ে যাবে।