পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের বনকোলা গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা প্রবাসী মাহাতাব উদ্দিনের স্ত্রীকে হাত-পা বেঁধে কয়েক লক্ষ টাকার নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় ডাকাতদল।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ফেলে। পরে তার হাত-পা বেঁধে ঘরের আলমারি ও বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লক্ষ টাকার মালামাল লুট করার অভিযোগ করেছেন ।
ঘটনার সময় গৃহবধূ আতঙ্কে চিৎকার করতে না পারায় ডাকাতরা সহজেই লুটপাট চালিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে উদ্ধার করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত গৃহবধূকে দেখতে হাসপাতালে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে সুজানগর থানার তদন্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ গিয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।