নিজস্ব প্রতিনিধি
ভারতীয় আগ্রাসন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় আশ্রয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামীকাল মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১১টায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপা।
ঢাকার মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে থেকে শুরু হওয়া এই কর্মসূচির নেতৃত্ব দেবেন জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।
পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার পল্টনের শফিউল আলম প্রধান মিলনায়তনে আয়োজিত এক সাংগঠনিক সভায় রাশেদ প্রধান বলেন, “ভারত সরকার খুনি হাসিনাকে দীর্ঘ এক বছর ধরে রাষ্ট্রীয় আশ্রয়ে রেখেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতীয় দূতাবাস ঘেরাও করব। আমাদের দাবি স্পষ্ট—খুনি হাসিনাকে ফেরত দিতে হবে এবং ভারতের আগ্রাসন বন্ধ করতে হবে।”
তিনি আরও বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকারী দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানাই—এই কর্মসূচিকে সফল করে তুলুন। পাশাপাশি সরকারপন্থী সন্ত্রাসীদের যেকোনো ধ্বংসাত্মক অপতৎপরতার বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।”
রাশেদ প্রধান আশঙ্কা প্রকাশ করে বলেন, কর্মসূচিকে ঘিরে এলাকাটিতে সাময়িক যানজট সৃষ্টি হতে পারে। এজন্য তিনি এলাকাবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করেন।
৫ আগস্ট 'নাজাত দিবস' প্রসঙ্গে রাশেদ প্রধান বলেন, “গতবছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা খুনি হাসিনা ও সন্ত্রাসী আওয়ামী লীগের শাসন থেকে মুক্তি পেয়েছি। আজকের দিনটি জাতির জন্য মুক্তির প্রতীক। আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করছি।”
সভায় আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম আকন্দ, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু এবং শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন।