নিজেস্ব প্রতিবেদক
পাবনা শহরের শিবরামপুর এলাকায় রোববার দুপুরে একটি বাসায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখে কাপড় বাঁধা দুই দুর্বৃত্ত বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে গৃহকর্মীকে বেঁধে ফেলে এবং পরে বাড়ির মালিককে গুরুতর আঘাত করে পালিয়ে যায়। ঘটনাটি নিয়ে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে।
ঘটনাটি ঘটেছে দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক পদার্থবিদ্যা শিক্ষক জহরলাল বসাক তুলসির বাসায়। এ সময় তিনি বাড়ির বাইরে ছিলেন, আর গৃহকর্মী আলো রানি দাস রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন। পেছনের খোলা দরজা দিয়ে হঠাৎ দুই দুর্বৃত্ত ঢুকে পড়লে গৃহকর্মীকে বেঁধে ফেলে অন্য কক্ষে আটকে রাখা হয়।
পরবর্তীতে বাড়ির মালিক জহরলাল তুলসি বাসায় প্রবেশ করলে দুর্বৃত্তরা তাকে ঝাঁপিয়ে পড়ে, মারধর করে এবং মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে তার ব্যবহৃত স্মার্টফোন নিয়ে পালিয়ে যায়। ডাকাতরা আলমারি ও আসবাবপত্র তছনছ করলেও বড় ধরনের কোনো মালামাল লুট হয়নি বলে জানা গেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানিয়েছেন, “ঘটনার স্থানে লাগানো সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জড়িতরা কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে। তারা সম্ভবত ভেবেছিল বাসায় অনেক মূল্যবান জিনিস রয়েছে, কিন্তু তেমন কিছু না পেয়ে ফোন নিয়ে চলে যায়।”
ভুক্তভোগী গৃহকর্মী আলো রানি বলেন, “হঠাৎ করে মুখ ঢাকা দুই লোক দেখে চিৎকার দিতে চাইলে একজন আমার মুখ চেপে ধরে। পরে মুখে টেপ লাগিয়ে, হাত-পা বেঁধে ফেলে রাখে। তারা কী নিয়েছে, আমি নিশ্চিত নই।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে।